চিকিৎসক হতে চায় জেসমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের কোলে চড়ে এভাবেই স্কুলে যায় জেসমিন বেগম (১৭)। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
মায়ের কোলে চড়ে এভাবেই স্কুলে যায় জেসমিন বেগম (১৭)। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

বয়স ১৭ পেরিয়েছে। এই বয়সেও মায়ের কোলে চড়ে স্কুলে যায় জেসমিন বেগম। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এই কিশোরী এবার প্রাথমিক পাস করেছে। কিন্তু এখানেই দমে যাওয়ার পাত্রী সে নয়। লেখাপড়ার প্রতি প্রচণ্ড ঝোঁক আর অদম্য ইচ্ছাশক্তির জোরে সে এখন মাধ্যমিকে ভর্তি হতে চায়। পড়াশোনা করে হতে চায় চিকিৎসক। কিন্তু অর্থাভাব ও শারীরিক অক্ষমতার কারণে তার সেই স্বপ্ন পূরণ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জিকরুল হকের বড় মেয়ে জেসমিন। তাঁর আরও দুই সন্তান রয়েছে। তবে তারা স্বাভাবিক।
জন্ম থেকেই অন্যের সাহায্য ছাড়া কাজ করতে পারে না জেসমিন। কিন্তু লেখাপড়াটা চালিয়ে গেছে নিয়মিত। ২০১৫ সালে বাড়ির পাশে পূর্ব বাগিচা মোল্লাপাড়া আনন্দ স্কুল থেকে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।
জিকরুল হক জানান, জন্মের পরপরই একটু অস্বাভাবিক মনে হওয়ায় জেসমিনকে দিনাজপুরের চিকিৎসক আবদুল মান্নান চৌধুরীর কাছে নিয়ে যান। চিকিৎসক অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়ে দেন, তাঁদের মেয়ে শারীরিক প্রতিবন্ধী। পরে অভাবের কারণে আর চিকিৎসা করা সম্ভব হয়নি।
নীলফামারীতে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাঠ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মেয়েটির দুই হাত ও দুই পা-ই অচল। এ কারণে তার সঠিক বৃদ্ধি হচ্ছে না। তবে তার কোনো মানসিক সমস্যা নেই।
জেসমিনের মা শাহনাজ বেগম বলেন, কষ্ট হলেও তিনিই মেয়েকে কোলে করে স্কুলে নিয়ে গেছেন। আবার ছুটির পর বাড়িতে নিয়ে এসেছেন। এখনো ষষ্ঠ শ্রেণিতে ভর্তি না হলেও মেয়েকে পাশের কাশিরাম উচ্চবিদ্যালয়ে নিয়ে যান।
কথা হয় জেসমিনের সঙ্গেও। সে বলে, পড়াশোনা করে সে চিকিৎসক হতে চায়। কিন্তু তার এই স্বপ্নপূরণে মানুষের সহযোগিতা প্রয়োজন। মা-বাবার অভাবের সংসারে আলো জ্বালাতে চায় সে।