চিকিৎসক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের মৈত্রী নার্সিং হোম নামের একটি ক্লিনিকের মালিক চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাসকে হত্যার দায়ে ওয়ার্ডবয় রাসেল ঢালীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পিপি বীরেন্দ্রনাথ সাহা জানান, ২০১৩ সালের ১৭ নভেম্বর দুপুরে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকার কুয়েট রোডের মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ডবয় রাসেল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিকিৎসক গৌরাঙ্গকে হত্যা করেন।
ওই ক্লিনিকের এক নার্সের সঙ্গে প্রেম করতে বাধা দেওয়ায় রাসেল ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। এ ঘটনায় নিহতের স্ত্রী মিতা রানী ভৌমিক বাদী হয়ে ঘটনার দিনই খানজাহান আলী থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই এমরান হোসেন ২০১৫ সালের ২৭ মে রাসেল ঢালীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আটজন সাক্ষীর সবাই সাক্ষ্য দিয়েছেন। আসামি রাসেল ঢালী খুলনার দিঘলিয়া উপজেলার ঘোষগাতী গ্রামের ইকতার ঢালীর ছেলে।
রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্ত্রী মিতা রানী। তিনি বলেন, ‘আমার স্বামীকে তো আর ফিরে পাব না। এই রায়ে তাঁর আত্মার কিছুটা হলেও শান্তি হবে।’