চিকিৎসককে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে সরকারি এক চিকিৎসককে অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে গিয়ে এক রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব (সিজার) করানোর অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আফরিন জাহানকে এই নোটিশ দেওয়া হয়।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফরিন জাহান বৃহস্পতিবার অফিস চলাকালে বেসরকারি হাসপাতাল রানীনগর ক্লিনিকে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এমন তথ্য পেয়ে সিভিল সার্জন এ কে এম মাজহার হোসেন বেলা সাড়ে ১২টার দিকে গিয়ে ক্লিনিকে অস্ত্রোপচার করা অবস্থায় ওই চিকিৎসককে দেখতে পান। সিভিল সার্জন বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আহসানকে জানান। তাঁদের সামনে অভিযুক্ত চিকিৎসক তাঁর ভুল স্বীকার করেন। পরে অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার কেন—জানতে চেয়ে ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁকে তিন দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন এ কে এম মাজহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘অফিস সময়ে রানীনগর ক্লিনিকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এটা আমি হাতেনাতে ধরে ফেলি। আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁকে তিন দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে উপযুক্ত জবাব দিতে না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল আহসান বলেন, ‘আমাকে না জানিয়ে ওই চিকিৎসক বেসরকারি ক্লিনিকে অফিস সময়ে অস্ত্রোপচার করতে গিয়েছিলেন। সরকারি হাসপাতালের অফিস সময়ে চিকিৎসকদের বাইরে কোনো ক্লিনিকে সেবা দেওয়া অন্যায়। এ জন্যই ওই চিকিৎসককে কারণ দর্শানো হয়েছে।’