চিকিৎসককে তিরস্কার করলেন সাংসদ
চিকিৎসক আমিনুল ইসলাম সোহেলের কর্মস্থল রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা তাঁর। কিন্তু সরকারি দায়িত্ব ফাঁকি দিয়ে টানা প্রায় পাঁচ বছর ধরে গুরুদাসপুরে ক্লিনিকে দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) আবদুস সোবহান গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, এটা অনৈতিক। চাকরিবিধি পরিপন্থী। হয়তো সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিয়ে (ম্যানেজ) তিনি সরকারি দায়িত্বে অবহেলা করছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ফেরদৌস বলেন, চিকিৎসক সোহেল তাঁকে পাত্তা দেন না। অন্য চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে সপ্তাহের ডিউটি দুই দিনে (শুক্রবার-শনিবার) করে কর্মস্থল ত্যাগ করেন। এটা চাকরিবিধিতে না পড়লেও অদৃশ্য ক্ষমতাবলে চিকিৎসক সোহেল তা করছেন। তবে তিনি ম্যানেজ (বিশেষ সুবিধা) হননি।
এদিকে কর্মস্থলে সরকারি দায়িত্ব পালন না করে গুরুদাসপুরের ডা. নোমান ক্লিনিকে চিকিৎসা বাণিজ্য করার সময় গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে স্থানীয় সাংসদ মো. আবদুল কুদ্দুস চিকিৎসক সোহেলকে দেখতে পান। পরে চেম্বার থেকে তাঁকে বের করে ক্লিনিকের সামনে নিয়ে আসেন। একপর্যায়ে লোকজনের সামনে সোহেলকে তিরস্কার করেন এবং ভবিষ্যতে সরকারি দায়িত্বে ফাঁকি না দিতে তাঁকে মৌখিকভাবে সতর্ক করে দেন।
সাংসদ আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে চিকিৎসক সোহেলের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ পাওয়া গেছে। তিনি একটি শিশু ও এক ব্যক্তিকে মেরে ফেলাসহ আরেকজন গরিব মানুষকে টাকার লোভে তৃতীয় দফা অস্ত্রোপচার করেছেন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংসদ বলেন, সরকারি বেতন-ভাতার সুবিধা নেওয়ার পরও বাড়তি টাকার লোভে সোহেল প্রায় পাঁচ বছর ধরে ক্লিনিকে দায়িত্ব পালন করছেন। এর আগেও তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি তা আমলে নেননি। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মান্নান খলিফা, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসাহক আলী, গুরুদাসপুর পৌর যুবলীগ নেতা আবদুল আলীম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান বাঁধন প্রমুখ উপস্থিত ছিলেন।
চিকিৎসক সোহেল দাবি করেন, তিনি সরকারি দায়িত্ব পালন করেই বাড়তি আয়ের জন্য ক্লিনিকে দায়িত্ব পালন করছেন। তবে সাংসদের আপত্তির কারণে এখন থেকে কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। তবে চিকিৎসার অবহেলায় কোনো রোগীর মৃত্যুর ঘটনা সত্য নয়।