চিকিৎসককে মারধর প্রতিবাদে কর্মবিরতি
বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা শহীদুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার সরদারপাড়ায় বসবাসরত বজলার রহমান গত বুধবার দুপুরে হঠাৎ হূদেরাগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে তাঁর ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে বাড়িতে নিতে আসেন। হাসপাতালে কর্মরত চিকিৎসক তাঁর বাড়িতে না গিয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়ে ওই রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। তখন চিকিৎসক তাঁকে দেখে মৃত ঘোষণা করলে তাঁর পরিবারের সদস্যরা উত্তেজিত হন এবং চিকিৎসক শহীদুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।ঘটনার দিন সন্ধ্যায় ওই চিকিৎসক নিহত ব্যক্তির দুই ছেলেসহ তিনজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় একটি মামলা করেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উমেঞ্চ কুলছুম বলেন, ‘অফিস সময়ের পর থেকে দুজন চিকিৎসক হাসপাতালের দায়িত্বে থাকেন। স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সেবা না দিয়ে বাহিরে রোগী দেখতে যাওয়ার কোনো নিয়ম নেই। ওই চিকিৎসককে অনাকাঙ্ক্ষিতভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের জানমালের নিরাপত্তা না থাকলে সেবা দেব কীভাবে? তাই সুষ্ঠু বিচারের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি।’