চিকিৎসককে মারধরের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি
বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসককে মারধরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ ব্যাপারে সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেনের বক্তব্য হচ্ছে, আসামিরা গা ঢাকা দেওয়ায় গ্রেপ্তার করা যায়নি।চিকিৎসকদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল আলম গতকাল প্রথম আলোকে জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী শনিবারের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে শুধু সোনাতলা নয়, জেলার সব স্বাস্থ্য কমপ্লেক্সে ধর্মঘট পালন করা হবে।’গত মঙ্গলবার দিবাগত রাতে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীর ভর্তিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও তাঁর লোকজন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নাজমুস সাকিব ও সহকারী চিকিৎসা কর্মকর্তা সামিউল ইসলামকে মারধর করেন।