চিকিৎসককে মারধরের প্রতিবাদে ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলা সদর হাসপাতালের এক চিকিৎসককে মারধরের প্রতিবাদে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালিত হয়েছে। এর ফলে চিকিৎসাসেবা বন্ধ থাকায় হাসপাতালে আসা রোগীরা বিপাকে পড়েছেন।
গত বৃহস্পতিবার রাতে রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষিপ্ত হয়ে তাঁর আত্মীয়স্বজন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খন্দকার মাঈনুল আহসানকে মারধর ও লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে চিকিৎসক ও কর্মচারীরা ধর্মঘটের ঘোষণা দেন। ধর্মঘটের কারণে হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভর্তি থাকা গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁদের স্বজনেরা।
কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করে গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে মানববন্ধন করেন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা। এ সময় সেখানে জেলা সিভিল সার্জন দিলীপ কুমার বিশ্বাস, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শশাঙ্ক চন্দ্র ঘোষসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর হাসপাতালের আরএমও শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট শুরু হয়েছে। ইনডোর ও আউটডোর স্বাস্থ্যসেবা বন্ধ থাকলেও জরুরি বিভাগের চিকিৎসা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।
সিভিল সার্জন দিলীপ কুমার বিশ্বাস বলেন, রোগীকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হলেও মৃত্যুর পর স্বজনেরা চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করেন। এখন হাসপাতালেও চিকিৎসকদের নিরাপত্তা নেই।