চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের এক শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসককে মারধর এবং হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে ও দোষী ব্যক্তির বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। গতকাল শনিবার হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়। এক রোগীর মৃত্যুর ঘটনায় তাঁর স্বজন গত শুক্রবার ওই শিক্ষানবিশ চিকিৎসককে মারধর করেন।
গতকাল দুপুরে মানববন্ধনে বক্তব্য দেন সিভিল সার্জন হাবিবুর রহমান, হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রমজান মাহমুদ, সহকারী সিভিল সার্জন মুজিবুর রহমান, জেলা বিএমএর নেতা আ. ওয়াহাব, সজল সাহা, আতাউর রহমান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তারা চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অন্যদিকে এ ঘটনায় হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রমজান মাহমুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরাগ আহমেদ নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বলেন, সরকারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগে পরাগকে আসামি করে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক খায়রুন্নেছা তামান্নাকে মারধর এবং হাসপাতালের ইসিজি কক্ষ ভাঙচুর করেন পরাগ আহমেদ (২১)। পরাগ বাজিতপুর পৌর এলাকার হাজিপাড়ার ফরহাদ আহমেদের ছেলে এবং মারা যাওয়া রোগী আজিজুল হকের (৭০) নাতি।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বেলা একটার দিকে শহরতলির চরশোলাকিয়া এলাকার আজিজুল হক নামের ওই রোগীকে ভর্তি করা হয়। তিনি স্ট্রোক করেছিলেন। হাসপাতালের কার্ডিও পালমোনারি ওয়ার্ডে (সিপিইউ) তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টা ৪০ মিনিটে ওই রোগী মারা যান। এ সময় রোগীর কলেজপড়ুয়া নাতি পরাগ উত্তেজিত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক খায়রুন্নেছা তামান্নার ওপর হামলা চালান এবং ইসিজি মেশিনসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। এ ঘটনার পরপরই পরাগকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।