চিকিৎসককে মারধরের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎ​সক শম্পা রানীকে গ্রেপ্তার, তাঁর চরিত্রহননের অপচেষ্টার সঙ্গে জড়িতদের শাস্তি এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সমাবেশ ও মানববন্ধন করে l প্রথম আলো
চিকিৎ​সক শম্পা রানীকে গ্রেপ্তার, তাঁর চরিত্রহননের অপচেষ্টার সঙ্গে জড়িতদের শাস্তি এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সমাবেশ ও মানববন্ধন করে l প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শম্পা রানী সরদারের ওপর হামলা, অন্যায়ভাবে আটক ও চরিত্র হননের অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
বিএমএ সাতক্ষীরা শাখার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচিতে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি মোখলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সাতক্ষীরার সিভিল সার্জন উৎপল কুমার দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮ আগস্ট শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাহেরা নামের এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি—এমন অভিযোগে শম্পাকে মারপিট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতে শম্পা রানী মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শ্যামনগর মহসিন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় মন্ডল, সভাপতি আবদুস সবুর ও তাঁর সহযোগী রহমতকে প্রেপ্তার করে। এর জের ধরে ১১ সেপ্টেম্বর রাতে অসামাজিক কাজের অভিযোগ এনে শম্পা রানীকে আটক করে পুলিশ।
শম্পার বাবা নগেন্দ্রনাথ সরদার অভিযোগ করেন, গত ২১ জানুয়ারি শম্পা আরএমও হিসেবে পদোন্নতি পান। ওই দিনই ছাত্রলীগ তাঁর বিরুদ্ধে মিছিল করে। এরপর ২৮ আগস্ট শম্পাকে লাঞ্ছিত করা হয়। শম্পা আবদুস সবুর ও তাঁর সহযোগী রহমতের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

শম্পা রানী অভিযোগ করেন, নিরাপত্তার কারণে ১১ সেপ্টেম্বর তিনি সহকর্মী আরিফুজ্জামানের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। ওই রাতে তাঁকে ও আরিফুজ্জামানকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, শিশু তাহেরার মৃত্যুকে কেন্দ্র করে শম্পাকে মারপিট করা হয়েছে। অথচ শম্পা ওই শিশুকে কোনো চিকিৎসা দেননি। ওই ঘটনার পরে আসলে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মারপিট করা হয়। পরে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক দাবি করেন, শম্পা ও আরিফুজ্জামানকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হয়। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।

নড়াইল প্রতিনিধি জানান, চিকিৎসক শম্পা রানীকে নাজেহালের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা বেলা ১১টায় হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সিভিল সার্জন মুনশি মো. শাদউল্লাহ, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান টনি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সম্পাদক আবদুল কাদের জসিম প্রমুখ। বক্তারা নিজ নিজ কর্মস্থলে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বিএমএ চুয়াডাঙ্গা শাখার আয়োজনে সদর হাসপাতালসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসকেরা গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

মানববন্ধন চলাকালে জেলার সিভিল সার্জন মুহা. ছিদ্দিকুর রহমান, বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা শ্যামনগরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

উপসহকারী চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) এবং স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশ নেন। তবে, আন্দোলনকালে সব হাসপাতাল ও ক্লিনিকের জরুরি বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত ছিল।