চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে কর্মবিরতি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা গতকাল বুধবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতি পালন করেছেন। আজ বৃহস্পতিবারও এ কর্মসূচি পালন করা হবে।গত মঙ্গলবার রাতে নীলফামারী পুরাতন হাসপাতাল সম্মেলনকক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি মমতাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। জেলা বিএমএর সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সোমবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবিরকে মারধর করেন উপজেলার রণচণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোখলেছুর রহমান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ তা গ্রহণ করছে না।ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোন কারণে আমার বিরুদ্ধে এ অভিযোগ করা হচ্ছে, আমি জানি না।’