চিকিৎসককে স্বেচ্ছাসেবক লীগ নেতার পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতার নেতৃত্বে চিকিৎসককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

চিকিৎসককে বাঁচাতে গিয়ে সুমন সরকার ও কাউছার আহম্মেদ নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। হামলার শিকার চিকিৎসক আবদুছ ছালাম সিকদার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার অভিযোগ করে বলেন, ‘বেলা সোয়া ১১টার দিকে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে চেম্বারে বসে রোগী দেখছিলাম। এ সময় ১৬-১৭ বছরের একটি ছেলে এসে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অসুস্থ বলে জানায় এবং বাজারে গিয়ে তাঁকে চিকিৎসা দিতে বলে। আমি তাকে বলি, হাসপাতালে রোগীর অনেক ভিড়। রিকশায় করে এসে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে চিকিৎসা নিতে হবে। এর ১৫-১৬ মিনিট পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাছান ভূঁইয়ার নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী এসে আমার চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে লোহার রড ও পাইপ দিয়ে আমাকে বেড়ধক পেটায়। আমার চিৎকারে বাইরে থেকে লোকজন এসে আমাকে উদ্ধার করেন। এক্স-রে করে দেখেছি, আমার বাঁ হাতের হাড় ভেঙে গেছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, আবদুছ সালামের ওপর হামলার কথা শুনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

থানার পরিদর্শক (তদন্ত) অংশু কামার দেব বলেন, হামলার শিকার চিকিৎসক ছালাম পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহমুদুল হাছানকে গতকাল রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় এজহারভুক্ত আসামি সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিকাশ দাসকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘চিকিৎসকের ওপর হামলার নিন্দা জানাই। আমরা আলোচনা করে দলীয়ভাবে ব্যবস্থা নেব।’