চিকিৎসককে হত্যার ঘটনায় মামলা, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানকে (৫৮) কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় হয়েছে। আজ শনিবার বিকেলে নিহত ব্যক্তির সেজ ভাই মীর আনিছুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। 

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও অপরাধীদের শাস্তি দাবি করে এলাকাবাসী মানববন্ধন করেন।

গতকাল শুক্রবার কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম শিশিরমাঠ এলাকায় সানাউরকে দুর্বৃত্তরা হত্যা করে। ওই এলাকায় তাঁর বাগানবাড়ি রয়েছে। ১০ বছর ধরে তিনি সেখানে প্রতি শুক্রবার বিনা মূল্যে গ্রামের মানুষকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। গতকালও চিকিৎসাসেবা দেওয়ার জন্য যাচ্ছিলেন। একই সঙ্গে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে সানাউরের সঙ্গে থাকা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে (৩৮)। মাথায়-ঘাড়ে সাত-আটটি আঘাত পাওয়া সাইফুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য গতকালই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আঘাত ঠেকাতে গিয়ে তাঁর হাতের দুটি আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর গতকাল বিকেলে র‍্যাব-১২-এর পরিচালক শাহাবুদ্দীন খান সাংবাদিকদের বলেন, সারা দেশে সম্প্রতি জঙ্গিদের যেসব হামলা শনাক্ত হয়েছে, তারা যে প্রক্রিয়ায় অপরাধ করেছে, তার সঙ্গে এই হত্যার মিল রয়েছে। তাই এটাকে মাথায় রেখেই তদন্ত চলছে।

নিহত সানাউরের বন্ধু-স্বজনেরাও সন্দেহ করছেন জঙ্গিগোষ্ঠীকে। তাঁরা বলেন, সানাউর ও সাইফুজ্জামানের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। দুজনই বাউল চর্চা করতেন। এর আগেও দেশে বাউলদের ওপর হামলা হয়েছে। সে কারণে তাঁরা এটিকে জঙ্গি হামলা হিসেবে দেখছেন।

আজ শনিবার বিকেলে এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় করা মামলায় অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়। মামলার এজাহারে বাদী মীর আনিছুর রহমান বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে।

কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এদিকে বিকেল পাঁচটায় এ ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর বাজারে দোকানপাট বন্ধ রেখে এলাকার কয়েক শ নারী-পুরুষ মানববন্ধনে অংশ নিয়েছেন।