চিকিৎসককে হুমকি দেওয়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মেজবাহুর রহমানকে দিগম্বর করার হুমকি দেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে নাটোরের লালপুর উপজেলায় কর্মরত চিকিৎসকেরা লালপুর-বাঘা সড়কে মানববন্ধন করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লালপুর উপজেলায় কর্মরত চিকিৎসকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লালপুর-বাঘা সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে চিকিৎসকেরা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত কুমারকে অবিলম্বে অন্য জেলায় বদলির দাবি জানান। এ সময় তাঁরা ওই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
তাঁরা অভিযোগ করেন, এসআই প্রশান্ত কুমার সহকারী সার্জন মেজবাহুর রহমানের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তাঁকে দিগম্বর করে ঘোরানোর হুমকি দেন। একই সঙ্গে তিনি তাঁর চৌদ্দগোষ্ঠী উদ্ধারেরও হুমকি দেন।
তাঁরা এ ঘটনার বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে শাস্তি না দিয়ে তাঁকে অপেক্ষাকৃত বড় থানা নাটোর সদরে বদলি করা হয়েছে।