ধানমন্ডিতে নিজ চেম্বারে দায়িত্ব পালনের সময় বিশেষজ্ঞ চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলা, অপহরণ, মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে চিকিৎসকেরা অবস্থান ধর্মঘট পালন করেছেন। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ধর্মঘটে অন্য চিকিৎসক সংগঠনগুলোও অংশ নেয়। অন্যদিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এনে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন ইডেন কলেজের এক ছাত্রী। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত অবস্থান ধর্মঘটে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুর রউফ বলেন, ৯ মে চিকিৎসকের চেম্বারে ভাঙচুর করে একদল সন্ত্রাসী চিকিৎসককে উঠিয়ে নিয়ে যায়। তিনি বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরো চিকিৎসক-সমাজের ওপর হামলা। ঘটনার পাঁচ দিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় নিন্দা করেছে চিকিৎসক সম্প্রদায়।অন্যদিকে, ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ইডেন কলেজের ছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর গতকাল চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, চিকিৎসক নিজের অপরাধ ঢাকতে তাঁর ভাইকে দিয়ে থানায় মামলা করিয়েছেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। চিকিৎসকেরা ওই ছাত্রীর অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। ১৭ মের পরিবর্তে ২৩ মে সব চিকিৎসক সংগঠন ও চিকিৎসকদের অংশগ্রহণে শাহবাগে মানববন্ধন ও ২৪ মে সব বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।