চিকিৎসকদের অবহেলায় কিশোরের মৃত্যু!
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় শাহিন আলম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চিকিৎসকেরা এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন। শাহিন উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে।
অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে জন্ডিস ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। ওই সময় কোনো চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন না। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় চিকিৎসা না পেয়ে সে মারা যায়।
জানা যায়, শুক্রবার বেলা একটা থেকে গতকাল বেলা একটা পর্যন্ত বিল্লাল হোসেন নামে এক চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ছিলেন। এরপর তিনটা থেকে মেজবাউল হক নামে আরেক চিকিৎসকের দায়িত্ব পালনের কথা ছিল। এই দুই চিকিৎসকের কেউ নির্ধারিত সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন না। তবে বিল্লাল হোসেন বলেন, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেই দায়িত্ব পালন করেছেন। রোগী ক্যানসারে আক্রান্ত ছিল।
মেজবাউল হক বলেন, তিনি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য রাজশাহী গিয়েছিলেন। তিনি দাবি করেন, তাঁর অনুপস্থিতির সময় তিনি কমপ্লেক্সের আরেক চিকিৎসক রফিকুল ইসলামকে দায়িত্ব দিয়েছিলেন। রফিকুল দায়িত্ব পালন করেননি বলে তিনি অভিযোগ করেন। তবে রফিকুল ইসলাম বলেন, তাঁকে কেউ দায়িত্ব দিয়ে যায়নি।