অস্ত্রোপচারের পর রোগীর শরীরে নিডল রাখার ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসক গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন দিলেও তাঁদের প্রত্যেক ধার্য তারিখে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।অভিযুক্ত দুই চিকিৎসক হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জন মো. সুরমান আলী ও বিশেষজ্ঞ চিকিৎসক জাকির হোসেন। তাঁদের বিরুদ্ধে আমিনুল ইসলাম নামের এক যুবকের ভুল চিকিৎসা এবং অস্ত্রোপচারের সময় শরীরে নিডল রাখার অভিযোগ এনে মামলা করেন ওই যুবকের মা দেলোয়ারা বেগম।মামলায় বাদীপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মুখ্য মহানগর হাকিম সাহেব জামিন আবেদনের শুনানির সময় বলেছেন, চিকিৎসকদের কাছে অনেক সময় সাধারণ মানুষ নিগৃহীত হন। তিনি নিজেও এর শিকার হয়েছেন। পাশাপাশি আদালত মামলার বাদীকে কোনো ধরনের ভয়ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলার প্রত্যেক ধার্য তারিখে হাজিরার শর্তে তাঁদের জামিন দিয়েছেন। উল্লেখ্য, অভিযুক্ত দুই চিকিৎসক গত বছরের ৩০ মে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচার করার সময় শরীরের ভেতর নিডল রেখে দেন।