চিকিৎসকদের আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের সব ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্র তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। সেই সঙ্গে গতকাল সোমবার থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও কর্মবিরতি পালন শুরু করেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের চিকিৎসাকে কেন্দ্র করে নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাঁরা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভির আহমেদকে (বাপ্পা) তুলে নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে গত শনিবার সকাল থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের খুলনা শিশু হাসপাতাল, ডায়াবেটিক সমিতি, আদ-দ্বীন হাসপাতাল, সিটি ইমেজিং সেন্টার, কিওর হোম ক্লিনিক, গরীব নেওয়াজ ক্লিনিক, ইসলামী ব্যাংক হাসপাতাল, সন্ধানী ক্লিনিক, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, বাদশা মিয়া মোমোরিয়াল ক্লিনিক, সিটি নার্সিং হোম ঘুরে দেখা গেছে তাদের সব কার্যক্রম বন্ধ। অনেকে ক্লিনিকের সামনে অপেক্ষা করে ফিরে যাচ্ছেন।
চিকিৎসকদের ব্যক্তিগত কক্ষেও রোগীদের কোনো নামের তালিকা করা হচ্ছে না। টানা ধর্মঘটের ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক মুমূর্ষু রোগী মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেকে গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে পারছেন না।
বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ বাহারুল আলম বলেন, ‘চিকিৎসাকেন্দ্রে হামলা ও চিকিৎসক অপহরণকারীদের রোববারের মধ্যে গ্রেপ্তারের দাবি পূরণ হয়নি। এ কারণে গতকাল থেকে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের পাশাপাশি খুলনার সব সরকারি হাসপাতালেও লাগাতার ধর্মঘট পালিত হচ্ছে। চিকিৎসক বাপ্পার অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার সঙ্গে সঙ্গে আমাদের ধর্মঘট প্রত্যাহার করা হবে।’