চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগী না দেখা এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করার কর্মসূচিকে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে তরুণ প্রজন্ম ঐক্য পরিষদ। আজ শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এসব বক্তব্য ওঠে আসে।
বক্তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেকোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হতে পারে। কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হলেই তাঁরা রোগীদের জিম্মি করে দাবি আদায় করতে তৎপর হয়ে পড়েন। এটা মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, সরকারি চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কারণে আমাদের দেশে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার ওপর অনেক মানুষকে নির্ভর করতে হয়। চিকিৎসকেরা এই সুযোগটি কাজে লাগিয়ে আজ রোগীদের জিন্মি করেছে।
তাঁরা আরও বলেন, সাধারণ মানুষের বিচার চাওয়ার অধিকার রয়েছে। ভুক্তভোগী যেকোনো মানুষ আদালতে যেতে পারবে। তাই বলে সাধারণ মানুষকে জিন্মি করে কেউ আন্দোলন করবে এটা মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে ছয় দফা দাবিনামা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে একজন চিকিৎসকের যোগ্যতা অনুযায়ী ফি নির্ধারণ, এক চিকিৎসক দৈনিক কতজন রোগী দেখতে পারবেন তা নির্দিষ্ট করা, রোগ নির্ণয়ে চিকিৎসকদের কমিশন বাণিজ্য বন্ধ ইত্যাদি।
মানববন্ধনে তরুণ প্রজন্ম ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এম শফিকুল ইসলাম, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, নারীনেত্রী জেসমিন সুলতানা, তৌহিদুল ইসলাম, শাহীন চৌধুরী, ফয়সাল আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, চিকিৎসা অবহেলার অভিযোগে গত মঙ্গলবার তিন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে দুটি পৃথক মামলা হয়েছে। এই মামলার পরদিন থেকে চট্টগ্রামে চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন। পাশাপাশি তাঁরা বেসরকারি হাসপাতাল এবং রোগ নির্ণয় কেন্দ্রে সেবাদান বন্ধ করার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।