জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের চারটি ভবনের একটিতেও চিকিৎসক থাকেন না। ১১ বছর ধরে ফাঁকা পড়ে আছে ভবনগুলো।কানাই পুকুর গ্রামের লুৎফর রহমান, দাশড়া গ্রামের তানিয়া আখতার, শাখারুঞ্জ গ্রামের বিউটি বেগমসহ বেশ কয়েকজন রোগী বলেন, ‘দুপুরের পর থেকে হাসপাতালে কোনো চিকিৎসক পাওয়া যায় না।’ প্যারামেডিক চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০১ সাল থেকে আর কোনো চিকিৎসক আবাসিক ভবনে থাকেন না। ৫০ শয্যার এই হাসপাতালে ২১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু কর্মরত আছেন ছয়জন। তাঁদের জন্য আছে চারটি আবাসিক ভবন। এর মধ্যে একটি ভবন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য বরাদ্দ। বাকি তিনটি আবাসিক ভবনে ১৮টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে প্রতি মাসে সরকারের ন্যূনতম রাজস্ব আয় হতো পাঁচ হাজার ৫৭৬ টাকা।ছয়জন চিকিৎসকের মধ্যে চারজন জয়পুরহাট জেলা শহর থেকে প্রতিদিন আসেন। তাঁরা হলেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাইলী আক্তার, গাইনিবিশেষজ্ঞ শাহাজান আলী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা জিএম শাহা ও শামসুজ জোহা। বাকি দুজন রেজাউল ইসলাম ও রিমন আফরোজ বগুড়া থেকে আসা-যাওয়া করেন।টিএইচও লাইলী বেগম বলেন, ‘আমার ছেলেমেয়ে জয়পুরহাট জেলা শহরে পড়াশোনা করার কারণে আমি ওখানে থাকি। আমি নিয়মিত বাড়িভাড়া ঠিকই সরকারকে দিই। আর জয়পুরহাট তো বেশি দূরে নয়, অন্যদেরও তেমন সমস্যা হয় না।’