জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এম এ মালিক বলেন, চিকিৎসক কিংবা সেবিকাদের শুধু টাকা রোজগার করলেই হবে না, সেবার উদ্দেশে এগিয়ে আসতে হবে। চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে।
গত শনিবার সকালে স্মাইল ট্রেন, এসএনএডি ও ইবনে সিনা হাসপাতাল সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নগরের উপশহর এলাকার জালালাবাদ গ্যাস মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১১ সালের পর থেকে সিলেটের ইবনে সিনা হাসপাতাল ঠোঁট ও তালুকাটা দুই হাজার রোগীকে বিনা মূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক রুকনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, স্মাইল ট্রেনের কান্ট্রি ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ।