সকাল ৮টায় চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আসার কথা থাকলেও তাঁরা আসেন ১০টার পর। বেলা ১টার পর তাঁদের বেশির ভাগই চলে যান। এখানে এক্স-রে, ইসিজিসহ পরীক্ষা-নিরীক্ষা তেমন একটা হয় না।
এ অবস্থা জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ভুক্তভোগী ব্যক্তিরা বলছেন, চিকিৎসকসহ লোকবল ও যন্ত্রসংকটের পাশাপাশি নানা সমস্যার কারণে উপজেলার তিন লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসা এই হাসপাতালটিই যেন রোগী হয়ে পড়েছে।
২ অক্টোবর সকাল সাড়ে আটটায় সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগের সামনে ওয়ার্ডবয় রুহুল আমিন বসে রয়েছেন। পুরো হাসপাতালে আর কোনো চিকিৎসক বা কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া গেল না। ওয়ার্ডসহ বিভিন্ন কক্ষের ১৭টি বৈদ্যুতিক পাখার মধ্যে ১০টিই বিকল। শয্যাগুলো অপরিচ্ছন্ন।
নয়টার দিকে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মাসুম আলী আসেন। তিনি বলেন, ‘সকাল থেকে জরুরি বিভাগের দায়িত্বে রয়েছি। আমি নাশতা করতে গিয়েছিলাম।’ হাসপাতালে এখন কোন চিকিৎসা কর্মকর্তা দায়িত্বে রয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, এ মাসের দায়িত্ব পালনের তালিকা (রোস্টার) এখনো করা হয়নি। সকাল সাড়ে নয়টার পর চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী ইকবাল আসেন বেলা পৌনে ১১টায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১২ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যা অনুযায়ী এখানে ২০ জন চিকিৎসক থাকার কথা; আছেন ৮ জন। এখানে অ্যানেসথেসিয়া, মেডিসিন ও সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট, ডেন্টাল সার্জনসহ ১২ জন চিকিৎসক নেই। ১৭ জন নার্স থাকার কথা থাকলেও আছেন ৪ জন। এক্স-রে যন্ত্র থাকলেও প্রায় দেড় মাস ধরে ফিল্ম না থাকায় সেটি পড়ে রয়েছে। গত মার্চ থেকে ইসিজি যন্ত্র থাকলেও লোকবলের অভাবে তা এক দিনের জন্যও চালু হয়নি।
কুয়ালিকান্দি গ্রামের সামছুল হক বলেন, ‘এই হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন সকাল ১০টার পরে আসেন, আবার ১টার মধ্যে চলে যান। যিনি এসব সমাধান করবেন, তিনি (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) নিজেও দেরিতে আসেন।’
এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী ইকবাল বলেন, হাসপাতালে কোনো সমস্যা নেই। প্রতিদিন নানা প্রশাসনিক কাজের জন্য ব্যস্ত থাকতে হয়। তাই দেরি হয়। অন্যদের দেরি করে আসার বিষয়টি তাঁর জানা নেই।