স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় মেয়র নাছির
চিকিৎসকদের ইচ্ছার ওপর নির্ভর করছে নগরবাসীর স্বাস্থ্যসেবা
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চিকিৎসকদের ইচ্ছা ও আন্তরিকতার ওপর নগরবাসীর স্বাস্থ্যসেবা নির্ভর করছে। এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের ন্যূনতম অবহেলা ও গাফিলতির কারণে একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই চিকিৎসকদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথানিয়মে পালন করতে হবে।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসকদের সঙ্গে সমন্বয় সভায় মেয়র এসব কথা বলেন। আন্দরকিল্লার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চিকিৎসকদের উদ্দেশে সিটি মেয়র বলেন, নির্ধারিত সময় পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপত্তি গ্রাহ্য করা হবে না। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে করপোরেশন বছরে ১৩ কোটি ভর্তুকি দিচ্ছে। এ খাতে সরকারের কোনো মন্ত্রণালয় থেকে সহযোগিতা পাওয়া যায় না। তারপরও নাগরিক সেবার স্বার্থে স্বাস্থ্যসেবাকে গতিশীল করতে এবং নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে করপোরেশন।
মেয়র বলেন, স্বাস্থ্যসেবাকে যুগোপযোগী করার লক্ষ্যে নগরের আলকরণ এলাকায় অবস্থিত সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ডায়ালাইসিস ইউনিটি চালু করার পরিকল্পনা আছে। এ ছাড়া বস্তি এলাকায় বসবাসকারী হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সিটি করপোরেশনের মাধ্যমে মোবাইল স্বাস্থ্যসেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাউন্সিলর হাসান মুরাদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ। সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রম তুলে ধরেন।