জরিপে দেখা গেছে, মাতৃদুগ্ধ বিকল্প ও শিশুখাদ্য আইন সম্পর্কে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দোকানি ও সাধারণ মানুষের ধারণা কম। অন্যদিকে আইনটি সম্পর্কে ধারণা থাকলেও চিকিৎসকদের একটি অংশ কৌশলে বিকল্প শিশুখাদ্যের ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
বেসরকারি সংস্থা ব্র্যাক যশোর সদর ও শার্শা উপজেলা এবং সিলেটের বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জে এই জরিপ করেছে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিলটন হলে ব্র্যাক আয়োজিত সেমিনারে জরিপের এ তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক টি এ চৌধুরী বলেন, ওষুধ কোম্পানি বা শিশুখাদ্য প্রস্তুতকারী কোম্পানির বিরুদ্ধে চিকিৎসকদের প্রতিযোগিতায় নামা ঠিক হবে না। গণমাধ্যমে সিগারেটের বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব হলে মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপনও বন্ধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে মাতৃদুগ্ধ বিকল্প ও শিশুখাদ্য আইনের বিভিন্ন ধারা তুলে ধরে বিশিষ্ট পুষ্টিবিদ ও বাংলাদেশে ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায় বলেন, মাতৃদুগ্ধের বিকল্পের বিজ্ঞাপন, বিক্রয় এবং মোড়ক সম্পর্কে আইনে সুস্পষ্টভাবে করণীয় উল্লেখ আছে। আইন ভাঙলে শাস্তির কথাও বলা আছে। তিনি জানান, আইন ভেঙেছে এমন বেশ কিছু প্রতিষ্ঠানকে ইতিমধ্যে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের গবেষক ফাহমিদা আখতার। জরিপে দেখা গেছে, শহুরে, আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণির ধারণা এ রকম যে, শিশুকে মায়ের দুধ পান করালে মায়ের স্বাস্থ্যহানি ঘটে।
২০১৪ সালের মধ্য জানুয়ারি থেকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে আইন সম্পর্কে এই জরিপ করা হয়। জরিপে চিকিৎসক, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্য কর্মকর্তা, ধর্মীয় ও কমিউনিটির নেতা, ওষুধ কোম্পানির প্রতিনিধি, শিশুদের অভিভাবকসহ ১৪ ধরনের মানুষের মতামত সংগ্রহ করা হয়। জরিপে দেখা গেছে, চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে মাতৃদুগ্ধ বিকল্প বা শিশুখাদ্যের নাম না লিখলেও এসব খাদ্যের ছবি, নামসহ ছাপানো স্লিপ বা লিফলেট শিশুদের অভিভাবকদের হাতে ধরিয়ে দেন।
অনুষ্ঠানে একাধিক পুষ্টিবিদ ও শিশু চিকিৎসক গণমাধ্যমে মাতৃদুগ্ধের বিকল্প ও শিশুখাদ্যের বিজ্ঞাপনের সমালোচনা করেন। কোনো কোনো বিজ্ঞাপনে ব্যবহার করা তথ্যের যথার্থতা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন। আলোচনায় অংশ নিয়ে ইউনিসেফের পুষ্টিবিদ মহসীন আলী বলেন, মাতৃদুগ্ধের বিকল্প নিয়ে এটি পৃথিবীর অন্যতম সেরা আইন। তবে দ্রুত আইনটির বিধিমালা চূড়ান্ত হওয়া দরকার।
ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএসএমএমইউর মোহাম্মদ সহিদুল্লা, ওজিএসবির প্রেসিডেন্ট রওশান আরা বেগম, পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক এ বি এম মুজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।