কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনের চিকিৎসা করাতে এসে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শাহ আনিসুর রহমানসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত বিচার আইনে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের পঞ্চম তলার ১৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল দিনভর বিক্ষোভ মিছিল করেন। তাঁরা ওই ঘটনার বিচার দাবি করে নানা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে: আজ রোববার থেকে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত প্রতিদিন তিন ঘণ্টা করে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ এবং বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন।প্রত্যক্ষদর্শী হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার মো. শাহজালাল ভূঁইয়া, মামলার এজাহার ও সরেজমিনে জানা গেছে, গতকাল বেলা ১১টায় কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার বাসিন্দা ওবায়দুল ইসলাম ওরফে বাবর (৪৫) তাঁর ভাই নাদের ইসলামকে (৪২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে নেন। ওই সময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক শাহ আনিসুর রহমান রোগী নাদের ইসলামকে হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন বিভাগের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসক ওই সময় রোগীর সিটি স্ক্যান করতে হবে বলে তাঁর স্বজনদের জানান। এ সময় বাবর সিটি স্ক্যান মেশিন হাসপাতালের নিচতলা থেকে ওপরে নিয়ে আসার দাবি জানান। চিকিৎসক এতে অপারগতা প্রকাশ করলে সঙ্গে সঙ্গেই বাবর ওয়ার্ডে থাকা স্যালাইনের স্ট্যান্ড, লোহার পাইপ ও মশারির স্ট্যান্ড দিয়ে চিকিৎসক আনিসুর রহমানের ওপর হামলা চালান। হামলায় শরিক হন বাবরের ছেলে মোহাইমিনুল ইসলাম ওরফে অন্তর (১৮) ও মনোহরপুর এলাকার বাসিন্দা মো. রিপনসহ (২৫) চার-পাঁচজন। এ সময় অন্য চিকিৎসকেরা এগিয়ে এলে তাঁদেরও পিটিয়ে জখম করা হয়। একই সঙ্গে তাঁরা হাসপাতালের চিকিৎসা সরঞ্জামসহ আনুমানিক এক লাখ টাকার ক্ষতিসাধন করেন। এ ঘটনায় আহত হন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার এনামুল হক, চিকিৎসক নাজমুল সালেহ, ফিরোজ আহমেদ, ফরহাদ করিম মজুমদার, ইনডোর মেডিকেল অফিসার মো. শাহজালাল ভূঁইয়া, আয়া নুরুন নাহার ও স্টাফ কবির হোসেন। ওই সময় হাসপাতালের অন্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ঘেরাও করে তিনজনকে আটক করেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যে আনিসুর রহমানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তাঁকে হাসপাতালের ৩৬৯ নম্বর কক্ষে চিকিৎসা দেওয়া হয়। তিনি আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেন। দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদের কক্ষে পুলিশ প্রশাসন, বিএমএ, ইন্টার্ন চিকিৎসক ও অন্যান্য চিকিৎসককে নিয়ে বৈঠক হয়। বৈঠকে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ, বিএমএ কুমিল্লা জেলার সভাপতি মো. শহীদউল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহসিনুজ্জামান চৌধুরী, ইন্টার্ন চিকিৎসক নাদিয়া আফরোজ ও মিনহাজ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরও ইন্টার্ন চিকিৎসকেরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। অভিযোগের ব্যাপারে ওবায়দুল ইসলাম বলেন, ‘চিকিৎসা দিতে বিলম্ব হওয়ায় ঝামেলা হয়েছে।’ কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।কুমিল্লা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক নাদিয়া আফরোজ, মিনহাজ হোসেন ভূঁইয়া ও মাজহারুল ইসলাম বলেন, এর আগেও একাধিকবার ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা হয়েছিল। কিন্তু বিচার হয়নি। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে।