চিকিৎসকদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা তাঁদের ওপর হামলার বিচার দাবি করে গতকাল রোববার সকালে মানববন্ধন করেন। একই সঙ্গে চিকিৎসকেরা হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারের দাবিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, সেবক-সেবিকা ও কর্মচারীরা অংশ নেন। কলেজ আঙ্গিনায় ওই মানববন্ধন হয়। পরে চিকিৎসকেরা জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। শিক্ষানবিশ চিকিৎসক নাদিয়া আফরোজ, মিনহাজ রশিদ ভূঁইয়া ও জামাল হোসেন জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যার হলেও এখানে প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ রোগীর চিকিৎসা দিতে হয়। রোগীর চাপ বাড়লেও চিকিৎসকসহ এখানে জনবল সংকট রয়েছে। এ অবস্থায় বিভিন্ন সময়ে রোগীর স্বজনদের কাছ থেকে চিকিৎসকদের লাঞ্ছিত হতে হয়। নিকট অতীতে বেশ কয়েকবার চিকিৎসকেরা হামলার শিকার হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য রোগীর সঙ্গে আসা পরিচর্যাকারী আত্মীয়স্বজনের সংখ্যা ও চলাচলের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। হাসপাতালের সীমানাপ্রাচীরের ভেতরে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের জন্য স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। চিকিৎসকেরা আরও জানান, তাৎক্ষণিকভাবে পুলিশ না থাকায় গত শনিবার কুমিল্লা শহরের উত্তর চর্থা এলাকার ওবায়দুল ইসলাম ওরফে বাবরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত চিকিৎসকসহ আটজনকে পিটিয়ে জখম করে। এর মধ্যে শিক্ষানবিশ চিকিৎসক শাহ আনিসুর রহমান এখনো আশঙ্কামুক্ত নন। হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ বলেন, ‘চিকিৎসকেরা তাঁদের ওপর হামলার বিচার ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারসহ পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। পরে তাঁরা জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।’ উল্লেখ, চিকিৎসা প্রদানে বিলম্বের অভিযোগ এনে শনিবার একদল দুর্বৃত্ত চিকিৎসকসহ হাসপাতালের সেবিকা ও কর্মচারীদের ওপর হামলা করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।