নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গতকাল বুধবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা। গত মঙ্গলবার জরুরি বিভাগের এক চিকিৎসককে লাঞ্ছিত ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তাঁরা এ কর্মবিরতি পালন করেন। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত চিকিৎসকেরা এ কর্মবিরতি পালন করেন। তাঁদের এ কর্মবিরতিতে ভোগান্তিতে পড়ে রোগীরা। এ সময় অনেকেই চিকিৎসা না পেয়ে চলে যায়। সূত্র আরও জানায়, মঙ্গলবার রাতে জরুরি বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসক হাবিবুর রহমান। রাত আনুমানিক ১০টার দিকে সেভলন পান করে চিকিৎসা নিতে আসেন জনি নামের এক রোগী। তিনি শহরের মসজিদ কোয়ার্টার এলাকার আবদুল ওয়াহেদের ছেলে। এ সময় জনির সঙ্গে হূদয় নামের একজনসহ সাত-আটজন ছিলেন। জনিকে চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক তাঁকে ওয়ার্ডে যেতে বলেন। এ সময় ওয়ার্ডে না গিয়ে জনি চিকিৎসককে গালিগালাজ করেন। একপর্যায়ে হাবিবুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে উদ্ধত হলে তিনি একটি কক্ষে প্রবেশ করে নিজেকে রক্ষা করেন। এ সময় জনি ও তাঁর স্বজনেরা টেবিলের গ্লাস ভেঙে ফেলেন। নেত্রকোনা মডেল থানার এসআই আবুল খায়ের জানান, এ ঘটনায় গতকাল চিকিৎসক হাবিবুর দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন।