অবৈতনিক (অনারারি) ও শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা গতকাল রোববার প্রায় ভেঙে পড়ে৷ দেশের বৃহত্তম এই হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে অনেক রোগীকে ফিরে যেতে হয়েছে৷ পোহাতে হয়েছে দুর্ভোগ৷
সহকর্মীকে মারধরের প্রতিবাদে এবং মারধরকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গত শনিবার রাত সাড়ে ১০টার পর থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত জরুরি বিভাগ ও সকাল ১০টার পর থেকে বহির্বিভাগ বন্ধ রাখেন অবৈতনিক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা৷ তাঁরা গতকাল দুপুর ১২টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছেন৷ এর আগে গত মঙ্গলবার লিফটে ওঠা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মারামারি ও ভাঙচুরের ঘটনায় তাঁরা জরুরি বিভাগের ফটক তিন ঘণ্টা বন্ধ রাখায় দুর্ভোগ পোহান রোগী ও তাঁদের স্বজনেরা৷ সেই ঘটনার জের ধরে শনিবার রাতে চিকিৎসকের ওপর হামলা হয় বলে আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ৷
চিকিৎসকদের সূত্র জানায়, ঢাকা মেডিকেলসংলগ্ন চানখাঁরপুলের একটি রেস্তোরাঁয় শনিবার রাতে অবৈতনিক এক চিকিৎসককে মারধর করে কিছু যুবক৷ এ সময় সেখানে থাকা কয়েকজন চিকিৎসক দৌড়ে হামলা থেকে বাঁচেন৷
এই হামলার প্রতিবাদে অবৈতনিক ও শিক্ষানবিশ চিকিৎসকেরা রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ফটক আটকে চিকিৎসাসেবা বন্ধ করে দেন৷ রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইসমাইল খান ফটকটি খুলে দেন৷ কিন্তু কিছুক্ষণ পর বিক্ষুব্ধ চিকিৎসকেরা জরুরি বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দেন৷ সকাল ১০টা পর্যন্ত কাউন্টার বন্ধ থাকায় চিকিৎসাসেবা পায়নি রোগীরা৷ এরপর হাসপাতালের নিয়মিত চিকিৎসকেরা এসে কাউন্টার খুলে জরুরি বিভাগ চালু করেন৷ কিন্তু ওই সময়ে আন্দোলনকারী চিকিৎসকেরা বহির্বিভাগের সেবা বন্ধ করে দেন৷ সাধারণত সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকে৷ কিন্তু চিকিৎসকদের আন্দোলনের মুখে গতকাল খোলার এক ঘণ্টা পরই বহির্বিভাগ বন্ধ হয়ে যায়৷ ফলে টিকিট কেটেও বহির্বিভাগে সেবা না পেয়ে ফিরতে হয়েছে অনেক রোগীকে৷
অবৈতনিক ও শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির কারণে জরুরি বিভাগের চিকিৎসাসেবায়ও ব্যাঘাত ঘটে৷ কারণ, দুই হাজার ৪০০ শয্যার এই হাসপাতালে নিয়মিত চিকিৎসকদের ৩২২টি পদে কর্মরত ৩১২ জন৷ ফলে চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বিভিন্ন প্রশিক্ষণের অংশ হিসেবে কাজ করা অবৈতনিক চিকিৎসকেরা৷ বর্তমানে তাঁদের সংখ্যা ৯২০ জন৷ এ ছাড়া বর্তমানে ৬৭ জন শিক্ষানবিশ চিকিৎসকের একটি ব্যাচ রয়েছে৷ ১৩৩ জন শিক্ষানবিশ চিকিৎসকের কোর্স কয়েক দিন আগে শেষ হয়েছে৷ হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সংখ্যায় অনেক বেশি বলে অবৈতনিক চিকিৎসকেরা হুট করে হাসপাতাল প্রায় অচল করে দিতে পারেন৷ বেতন নেন না বলে তাঁদের ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণও কম৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে অবৈতনিক ও শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে মেডিকেল কলেজের ১ নম্বর গ্যালারিতে দুই ঘণ্টার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়৷ বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইসমাইল খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ বৈঠকে অবৈতনিক চিকিৎসকেরা তাঁদের ৪৮ ঘণ্টার কর্মবিরতির কর্মসূচির কথা ঊর্ধ্বতন ব্যক্তিদের জানান৷ এ সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তাঁরা৷
বৈঠকের পর দুপুরে ইকবাল আর্সলানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বিভাগ পরিদর্শন করেন৷ পরে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সিঁড়িতে ইকবাল আর্সলান সাংবাদিকদের বলেন, চানখাঁরপুলের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় মামলা করেছে৷ অবৈতনিক চিকিৎসকেরা কাজ করবেন না, তবে হাসপাতালের কাজে তাঁরা বাধার সৃষ্টিও করবেন না৷ গণমাধ্যমে মাঝেমধ্যে চিকিৎসকদের বিষয়ে সংবাদ বিকৃতির অভিযোগ এনে তিনি বলেন, চিকিৎসকেরা মারধরের শিকার হয়েছেন, এটা গণমাধ্যমে প্রাধান্য পায়নি৷ তবে তাঁদের বিষয়ে অনেক নেতিবাচক সংবাদ প্রকাশিত হচ্ছে, যার অনেকগুলো ঠিক নয়৷
ইকবাল আর্সলান দাবি করেন, হাসপাতালের নিয়মিত চিকিৎসকেরা কাজ করছেন এবং চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে৷
অবশ্য তাঁর এই বক্তব্যের পরও জরুরি বিভাগে সেবা না পেয়ে রোগীদের ফিরে যেতে দেখা যায়৷ জরুরি বিভাগে তখন ছিলেন মাত্র দুজন চিকিৎসক৷ দেখা গেল, নয় বছরের শিশু মুশফিককে কোলে করে জরুরি বিভাগে ঢুকলেন ঘোড়ার গাড়ির চালক ফারুকসহ কয়েকজন৷ ঘোড়াগাড়ির চালকের সহকারী মুশফিকের পেটে প্রচণ্ড ব্যথা৷ কিন্তু কিছুক্ষণ পরই তাঁরা মুশফিককে নিয়ে বেরিয়ে এলেন৷ ফারুক জানান, চিকিৎসক বলেছেন মুশফিকের পেটের এক্স-রেসহ কিছু পরীক্ষা করাতে হবে৷ কিন্তু এখন সেটা করার মতো চিকিৎসক নেই৷ তাই তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন৷
গুলিস্তানে বাসের ধাক্কায় আহত হয়ে জরুরি বিভাগে আসা তরুণ তামিমকেও চিকিৎসক-সংকটের কারণে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়৷ তাঁর বন্ধুরা তা-ই করেন৷ দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় আহত রোকেয়া বেগমকে (৩৫) স্থানীয় হাসপাতাল পায়ে ব্যান্ডেজ করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পাঠিয়েছিল৷ এখান থেকে তাঁকে ওই অবস্থায় নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালের উদ্দেশ্যে৷
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, হাসপাতালের নিয়মিত চিকিৎসকেরা শয্যার চেয়ে বেশি রোগী থাকা ওয়ার্ড সামলাবেন, না জরুরি বিভাগের চিকিৎসা দেবেন৷
জানতে চাইলে যুক্তরাষ্ট্র সফররত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চিকিৎসকদের ওপর হামলা দুঃখজনক ও নিন্দনীয়৷ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন৷ একই সঙ্গে তিনি চিকিৎসকদের রোগীর সেবা থেকে বিরত না থাকার আহ্বান জানিয়ে বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের কষ্ট দেওয়া কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না৷