সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার এক রোগীর মৃত্যুর ঘটনায় মৃতের স্বজনেরা চিকিৎসককে প্রহার করেছেন—এ অভিযোগে তাঁরা কর্মবিরতি শুরু করেছিলেন।
বুধবার রাত ১০টা থেকে হাসপাতালের জরুরি বিভাগের ফটক বন্ধ করে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের উপপরিচালক আবদুস সালাম বলেন, বুধবার রাত একটার দিকে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলে ঘটনার শান্তিপূর্ণ সমাধানে সম্মত হন তাঁরা। পরে রাত একটার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন নগরের রাজারগলি এলাকার বাসিন্দা আবদুর রশিদ (৭০) মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মৃতের স্বজনেরা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরে হাতাহাতি শুরু করেন। এ সময় কর্তব্যরত রেজিস্ট্রার চিকিৎসক শোয়েব আহমদ ও একজন শিক্ষানবিশ চিকিৎসক প্রহৃত হন বলে অভিযোগ করেন অন্য চিকিৎসকেরা। রাত ১০টার দিকে এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালের জরুরি বিভাগের ফটক বন্ধ করে কয়েক দফা বিক্ষোভ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেন। খবর পেয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করে। চিকিৎসকদের দাবি অনুযায়ী মৃত রোগীর স্বজন জহুরুল ইসলাম নামের একজনকে পুলিশ আটক করলে চিকিৎসকেরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হন।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, হাসপাতাল থেকে আটক ব্যক্তিকে থানাহাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।