চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবিরকে লাঞ্ছিত করার ঘটনায় জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎকদের কর্মবিরতি গতকাল রোববার দুপুর ১২টায় প্রত্যাহার করা হয়েছে। নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের হস্তক্ষেপে ওই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। চিকিৎসক লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত কিশোরগঞ্জের রনচণ্ডী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সকালে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সাংসদ আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ আসনের সাংসদ এ এ মারুফ সাকলান, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, ইউএনও গোলাম আজম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সভাপতি মমতাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুল হাসান, সিভিল সার্জন শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় চিকিৎসককে লাঞ্ছিত করার জন্য ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য মুচলেকা দেন মোখলেছুর রহমান। অপরদিকে জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নাঈম ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোখলেছুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।