ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা কর্মবিরতি পালন করায় সেখানের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অর্ধশতাধিক রোগী ভোগান্তির শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা অষ্টম জাতীয় বেতনকাঠামোর নানা অসংগতি দূর করার দাবিতে কর্মবিরতি পালন করছেন। এর অংশ হিসেবেই বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরাও দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করছি। এতে কিছু রোগী ভোগান্তির শিকার হবে, সেটাই স্বাভাবিক। তারপরও জরুরি বিভাগ খোলা রেখেছি। যেন গুরুতর কোনো রোগী হাসপাতালে এসে ফিরে না যায়। আমরা নিরুপায়।’
সরেজমিনে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ২০ থেকে ২৫ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে হাসপাতালের বারান্দায় ঘোরাফেরা করছেন। এ সময় চিকিৎসকদের কক্ষের দরজা খোলা থাকলেও তাঁদের দেখা যায়নি। বহির্বিভাগের টিকিট দেওয়ার টেবিলটিও খালি ছিল।
জগন্নাথপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা ইয়াছমীন আক্তার বলেন, ‘বাচ্চাকে দেখাতে এসেছি, এসে দেখি ডাক্তার নাই। অনেকক্ষণ অপেক্ষা করেও কাউকে দেখাতে পারিনি। রোগীকে কষ্ট দিয়ে ডাক্তাররা দাবি আদায় করবেন, এটা ঠিক না।’
ছয়ফুল্লাকান্দি গ্রামের কাজল আক্তার বলেন, ‘সকালে সন্তানকে ডাক্তারের কাছে দেখানোর পর পরীক্ষা-নিরীক্ষা দিছেন। পরীক্ষা করিয়ে এসে দেখি ডাক্তার নাই। এ জন্য আরও এক দিন আসতে হবে।’
দুর্গারামপুর গ্রামের মুর্শিদা বেগম বলেন, ‘ডাক্তার দেখাইতে আইছি, দেহি ডাক্তার নাই। যারে জিগাই, হেই কয় ডাক্তার আইব কি না জানি না। ডাক্তারকে না দেখাইয়া বাড়ি ফিরা যাইতে অইব।’