চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসককে মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিএমএর ডাকা আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জেলা বিএমএ গতকাল মঙ্গলবার দুপুর ১২টার পর তাদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করে। গতকাল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বিএমএর সভা হয়। সভায় জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, জেলা বিএমএর সভাপতি মোস্তফা আলম, সাধারণ সম্পাদক রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। ওসি সভায় জানান, কয়েক দিনের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সভায় বিএমএর নেতারা কর্মবিরতি স্থগিত ঘোষণা করেন। গত ৬ জুন রাতে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ তাঁর লোকজন দুজন চিকিৎসককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় চিকিৎসক নাজমুস সাকিব সোনাতলা থানায় জাকির হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে মোট ১০ জনের নামে মামলা করেন।