চিকিৎসকদের কর্মস্থলে না থাকার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকেন না। উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এমনই অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ এমরান হোসেনের সভাপতিত্বে ওই সভা হয়।
সভায় স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জহিরুল হক অভিযোগ করেন, এখানে তিনিসহ মাত্র ১১ জন কর্মরত আছেন। এর মধ্যে দু-তিনজন বাদে সবাই যথাসময়ে এবং প্রতিদিন কর্মস্থলে আসেন না। তাঁদের মধ্যে অনেকেই প্রাইভেট ক্লিনিকে কাজ করেন।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সবাই এককাট্টা হয়ে আমাকে বদলি করার চেষ্টা চালাচ্ছেন।’