জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল সোমবার কক্সবাজার সদর হাসপাতালে নানা অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি রোগীদের সামনে চিকিৎসকদের ভর্ৎসনা করেন।এ সময় কমিশনের চেয়ারম্যান চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘গরিবের রক্ত চুষে আপনারা বড়লোক হচ্ছেন। কর্মস্থলে ফাঁকি দিয়ে বিভিন্ন ক্লিনিকে ব্যবসা করছেন। আপনাদের আর কত বাড়ি-গাড়ির দরকার?’গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজারের ২৫০ শয্যার সদর হাসপাতালে পরিদর্শনে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মিজানুর রহমান প্রথমে হাসপাতালের ব্লাড ব্যাংক কক্ষে ঢোকেন। এ সময় টেবিলের ওপর বেশ কিছু ব্যবহূত সুঁই-সিরিঞ্জ পড়ে থাকতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এরপর জরুরি বিভাগ, পর্যবেক্ষণ কক্ষ ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করেন। তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে গেলে একজন অভিযোগ করেন, এখানে ঠিকমতো চিকিৎসকের দেখা মেলে না। খাবার ও ওষুধ কিনে আনতে হয়। বালিশ ও বিছানার চাদর বাড়ি থেকে এনে ব্যবহার করতে হচ্ছে। ওয়ার্ডের মেঝে নোংরা। টয়লেটে যাওয়া যায় না। আরেকজন বলেন, চিকিৎসকেরা রক্ত, এক্স-রেসহ অন্যান্য পরীক্ষা বাইরের ক্লিনিক থেকে করানোর পরামর্শ দেন।রোগীদের অভিযোগের বিষয়ে মিজানুর রহমান হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি নানা সীমাবদ্ধতার কথা বলে অভিযোগ অস্বীকার করেন। এর পরই মিজানুর রহমান ক্ষুব্ধ কণ্ঠে বলেন, সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও কী করে অনেকেই বেসরকারি হাসপাতাল গিয়ে রোগী দেখেন? যাঁরা বাইরে প্রাইভেট প্র্যাকটিস করছেন তাঁদের চাকরিতে থাকা উচিত নয়।এ সময় উপস্থিত মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘তোমাদের নতুন করে দেশটা গড়তে হবে। গরিব মানুষেরা দেশটা নষ্ট করেনি। আমাদের মতো শিক্ষক, চিকিৎসকেরা দেশের বারোটা বাজাচ্ছে।’একপর্যায়ে কক্সবাজার জেলা সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া সামনে এসে পরিচয় দিলে কমিশনের চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনার হাসপাতালের এই দশা কেন? রোগীরা সেবা পাচ্ছেন না?’ জবাবে সিভিল সার্জন বলেন, ‘হাসপাতাল দেখাশোনা করা আমার দায়িত্ব না।’ কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের দায়িত্ব শেষে চিকিৎসকেরা ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে রোগী দেখেন। এটি দোষের কিছু না।