চিকিৎসকদের গ্রামে রাখতে প্রণোদনা দেবে সরকার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খুব শিগগির ‘জাতীয় স্বাস্থ্য পরিষদের’ সভা ডাকা হবে। স্বাস্থ্যবিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের এ সভায় চিকিৎসকদের গ্রামে রাখতে প্রণোদনা দেওয়া এবং দরিদ্রদের চিকিৎসা ব্যয় মেটাতে স্বাস্থ্যবিমার বিষয় চূড়ান্ত করা হবে।
গতকাল বুধবার দুপুরে পরিবার পরিকল্পনা পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলায় থাকতে পারলে চিকিৎসকেরা পারবেন না কেন। সরকার চিকিৎসকদের গ্রামে রাখতে বদ্ধপরিকর। এ জন্য চিকিৎসকদের প্রণোদনা দেওয়া হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের কাছে চিকিৎসকদের গ্রামে রাখার ব্যাপারে সহায়তা চান। প্রতিনিধিরা শিক্ষা, গবেষণা ও চিকিৎসা কাজে মন্ত্রণালয়ের সহায়তা চান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য প্রাণ গোপাল দত্ত।