সরকারি চিকিৎসকদের গ্রামে রাখতে না পারায় সংসদে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। চিকিৎসকদের গ্রামে থাকতে বাধ্য করার জন্য তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কথা বলেছেন। এ জন্য বিশেষ দিনে বিষয়টি নিয়ে সংসদে আলোচনারও প্রস্তাব দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ আবদুল মান্নানের (বগুড়া-১) সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ প্রস্তাব দেন। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আবদুল মান্নান স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, উপজেলা পর্যায়ের চিকিৎসকেরা ছুটি নিয়ে ঢাকায় ঘোরাঘুরি করেন। বগুড়াতে ৩৯০ পদের বিপরীতে ২৬৬ জন চিকিৎসক আছেন। ১২টি উপজেলায় ভাগ করলে ২২ জন করে থাকার কথা। ১১ জন থাকলেও কোনো কথা থাকত না। বারবার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়। সেই পাঁচ হাজার চিকিৎসক গেলেন কোথায়? এখন যা অবস্থা, আরও চিকিৎসক নিয়োগ দিলেও লাভ হবে না। কারণ, প্রধানমন্ত্রী বলার পরও কাজ হয়নি। স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি অকার্যকর হয়ে পড়েছেন।’জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। আরও পাঁচ-ছয় হাজার পদ খালি আছে। আগে গ্রামে চিকিৎসক ছিলেন না। এখন আছেন। সমস্যা হচ্ছে চিকিৎসকেরা গ্রামে থাকতে চান না। অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। বহু জায়গায় চিকিৎসক নেই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় পরিবর্তন দরকার। এ বিষয়ে সংসদের সহযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণ দরকার। চিকিৎসকেরা কেন্দ্রে নিয়োগ পাবেন। তবে তাঁদের নিয়োগ দেওয়া হবে একটি বিশেষ অঞ্চলে, যার বাইরে তাঁরা যেতে পারবেন না। এ বিষয়ে একটি বিশেষ দিনে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর সাংসদ মারুফ সাকলান ও ফজলে রাব্বি মিয়া বক্তব্য রাখেন। আহমেদ নাজমীন সুলতানার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে সাড়ে পাঁচ হাজার ৭৩১টি চিকিৎসক ও তিন হাজার ২০৫টি নার্সের পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণ করতে নিয়োগবিধি প্রণয়ন করা হচ্ছে।