স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসকদের গ্রামে থাকার ব্যাপারে সরকার কঠোর হবে। এ জন্য চিকিৎসক নেতাদের সহযোগিতা চান তিনি।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসো-সিয়েশনের (বিএমএ) এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমার মনে সব সময় প্রশ্ন জাগে, কেন চিকিৎসকেরা গ্রামে থাকতে চান না। অন্য সরকারি কর্মকর্তারা কর্মস্থলে থাকলেও চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে গ্রামের মানুষের অভিযোগ আদৌ কাম্য নয়।’ বিএমএর সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। চিকিৎসক নেতারা স্বাস্থ্যমন্ত্রীকে সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নিয়েই চিকিৎসকদের গ্রামে থাকা নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা বলেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, চিকিৎসকদের কমপক্ষে দুই বছর গ্রামে থাকতে হবে। যিনি থাকবেন না, তাঁর চাকরিও থাকবে না। এ নিয়ে প্রয়োজনে আইন করার কথাও বলেছিলেন মোহাম্মদ নাসিম। এরপর কর্মস্থলে না থাকার জন্য দুজন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়।