চিকিৎসকদের চেষ্টা আর আল্লাহর রহমতে বেঁচে গেছে সুরাইয়া

২৩ জুলাই বিকেল পাঁচটা। মাগুরা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে শল্যচিকিৎসক শফিউর রহমানের কাছে ফোন। গুলিবিদ্ধ একজন অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে এসেছেন। তাঁর পেটের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। বাইরে তো হচ্ছেই। একে একে যোগ দিলেন অবেদনবিদ, স্ত্রীরোগ-প্রসূতিবিদ্যা বিভাগের চিকিৎসক, শিশুবিশেষজ্ঞ। শুরু হলো মাকে বাঁচানোর যুদ্ধ। মা বাঁচলেন। শিশুটি কি বাঁচবে—গভীর শঙ্কায় চিকিৎসকেরা। জন্মের ১৯ দিন পর চিকিৎসকেরা বললেন, আল্লাহর রহমতে বেঁচে গেছে সুরাইয়া।
গতকাল সোমবার মাগুরার গুলিবিদ্ধ মা ও শিশুকে যাঁরা চিকিৎসা দিয়েছেন, সেই সব চিকিৎসককে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে চিকিৎসকেরা মাগুরা সদর হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে নাজমা বেগমের প্রবেশ থেকে শুরু করে শিশু সুরাইয়ার জন্ম ও ১৯ দিন পর্যন্ত শারীরিক অবস্থার বর্ণনা দেন।
মাগুরা জেনারেল হাসপাতালের চিকিৎসক শফিউর রহমান বলেন, নাজমাকে ভর্তি করিয়েই প্রথমে আল্ট্রাসাউন্ড করে দেখা হয় শিশুটির কী অবস্থা। পেটে ব্যান্ডেজ থাকায় শিশুটির অবস্থা খুব ভালোভাবে বোঝা যায়নি। শুধু জানা গিয়েছিল ওর বয়স ৩২ সপ্তাহ ৫ দিন। আরও আট সপ্তাহ ওর মায়ের পেটে থাকার কথা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও রক্ত সংগ্রহের পর অস্ত্রোপচার শুরু করতে করতে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে। নাজমার তলপেটে গুলি লেগে শিশুকে ভেদ করে নাজমার মাংসপেশিতে আটকে ছিল। শিশু সুরাইয়া পেটে থাকায় নাজমা বেগমের শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অংশ রক্ষা পায়। অস্ত্রোপচারে শফিউর রহমানের সঙ্গে যোগ দেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার চিকিৎসক শামসুন্নাহার। এরপর যোগ দেন শিশুচিকিৎসক জয়ন্ত কুণ্ডু। তিনি বলছিলেন, সুরাইয়াকে যখন মায়ের পেট থেকে বের করে আনা হয়, তখন ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। শিশুটির পুরো শরীর ছিল নীল এবং সে কাঁদছিল না। সঙ্গে সঙ্গে ওকে কাঁদানোর চেষ্টা শুরু হয়। চিকিৎসকেরা কৃত্রিমভাবে সুরাইয়ার শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর ও সাড়া দিলেও, চিকিৎসকেরা দেখেন ওর ডান চোখ দিয়ে রক্ত ঝরছে। এ অবস্থায় তাঁরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাঁরা বুঝতে পেরেছিলেন শিশুটির বিভিন্ন বিভাগের চিকিৎসকের সেবা প্রয়োজন।
২৬ তারিখ ভোর সাড়ে চারটায় শিশুটি যখন ঢাকায় পৌঁছায় তখন তার চিকিৎসা দেন সদরুল্লাহ আল মাসুদ। পরদিন সকাল থেকে শিশুটি ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনার কাছেই আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকেরা ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেন। যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক। চোখের চিকিৎসার জন্য জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকেও আসেন চিকিৎসকেরা।
জন্মের ১৯ দিন পর প্রথমবারের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, শিশু সুরাইয়াকে ‘আল্লাহর রহমতে’ সবার চেষ্টায় বাঁচানো গেছে। শিশুটির জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান আবিদ হোসেন মোল্লা জানান, ‘গুলিবিদ্ধ হওয়া ছাড়াও শিশুটির আরও ১০ ধরনের সমস্যা ছিল। ওকে সিরিঞ্জে করে এক ফোঁটা এক ফোঁটা করে মায়ের বুকের দুধ দেওয়া হচ্ছিল। এখন সে মায়ের দুধ টেনে খাচ্ছে। আজ সকালে দেখেছি সে হাতের ব্যান্ডেজ চুষে খাচ্ছে।’
চিকিৎসায় যাঁরা যুক্ত ছিলেন তাঁদের অনেকেই কাল উপস্থিত ছিলেন। তবে চিকিৎসকেরা এখনো বলছেন, শিশুটি মারাত্মক প্রতিকূলতার মধ্যে জন্মেছে। তার আরও বেশ কিছুদিন চিকিৎসা চলবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান জানান, শিশুটির মায়ের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত খাবার সরবরাহ করছে। এমন কক্ষে রাখা হয়েছে, যেখানে সংক্রমণের ঝুঁকি কম।