চিকিৎসকদের দলাদলি বন্ধে স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘যখন দেখি বিভাজন, তখন খুব কষ্ট হয়। আপনারা দলাদলি বন্ধ করুন। মানুষের ক্ষতি হয়।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঞ্চে উপস্থিত চিকিৎসকদের একসঙ্গে দেখে নিজের ভালো লাগার কথাও বলেন মন্ত্রী।

আজ রোববার সকালে বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, বাংলাদেশের চিকিৎসকেরা সময়ের অতিরিক্ত পরিশ্রম করেন। কিন্তু যাঁরা রোগীদের প্রতি অবহেলা করেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, মেডিকেলে নিশ্ছিদ্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হয় এবং মেধার ভিত্তিতেই ভর্তি করা হয়। এতে যদি কোনো কলেজ শিক্ষার্থী না পায়, তবে তা বন্ধ করে দেওয়া হবে।

চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের মেডিকেল কলেজগুলোকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন করা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষার বিভিন্ন অগ্রগতির দিক তুলে তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে সবার থেকে আলাদা। এখানে গবেষণা ও জ্ঞান চর্চা বৃদ্ধি করতে হবে। বিদেশের দিকে আর কতকাল তাকিয়ে থাকব?’ বিএসএমএমইউর বিভিন্ন চাহিদার বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকল্প দিলে শিক্ষা মন্ত্রণালয় তা বাস্তবায়নের চেষ্টা করবে।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চই (আইপিজিএমআর) এখনকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; যা পিজি হাসপাতাল নামেই পরিচিত। ১৯৯৮ সালের ৩০ এপ্রিল সংসদীয় অধ্যাদেশের মাধ্যমে একে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন অনুষ্ঠানে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন রাখেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি এম ইকবাল আর্সলান বলেন, বিএসএমএমইউকে রাজনৈতিক প্রতিষ্ঠান না বানিয়ে একাডেমিক ইনস্টিটিউট এবং গবেষণার সূতিকাগার বানাতে হবে।

আয়োজনে বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্রশাসনে কোনো ধরনের বিরোধ নেই। কেউ যাতে সুযোগ না পায়, তাই তাঁরা একসঙ্গে কাজ করছেন।

আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব এম এ আজিজ এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যরাসহ প্রমুখ।

অনুষ্ঠান শুরু হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে। এ ছাড়া জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোসহ একটি র‍্যালি হয়। ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।