চিকিৎসকদের দল-মতের ঊর্ধ্বে থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। কিন্তু পেশাগত দায়িত্ব পালনে তার প্রভাব কোনোভাবেই কাম্য নয়। একজন চিকিৎসক কখনোই আওয়ামী লীগ বা বিএনপির হতে পারেন না। তাঁকে দলমতের ঊর্ধ্বে উঠে মানবিক চিকিৎসক হতে হবে। সন্ধানী এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গতকাল বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। গণবিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের সন্ধানী ইউনিট আয়োজিত সন্ধানীর ৩৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যেই শুধু নয়, দেশের সর্বত্রই বিভাজন শুরু হয়েছে। সব জায়গাতেই শুধু প্রাচীর আর প্রাচীর। সাংবাদিকেরা আজ তিন-চার ভাগ হয়ে গেছে। কোথাও সমঝোতার কোনো সেতু পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আমাদের সমঝোতার সেতু অনিবার্য হয়ে পড়েছে।’
সম্মেলনে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ফরিদা আদিব খানম ও গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক মনজুর কাদির আহমেদ।
এর আগে গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ওবায়দুল কাদেরকে গার্ড অব অনার দেয় গণপাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মন্ত্রী পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সন্ধানীর সম্মেলনের উদ্বোধন করেন।