চিকিৎসকদের দায়বদ্ধতা সাধারণ মানুষের চেয়ে বেশি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, চিকিৎসকেরা জাতির মূল্যবান সম্পদ। চিকিৎসক গড়ে তোলার জন্য সমাজ ও রাষ্ট্রের প্রভূত অবদান রয়েছে। রাষ্ট্র ও সমাজের প্রতি চিকিৎসকদের দায়বদ্ধতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি।
আজ শনিবার বিকেলে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব বাংলাদেশের (এপিবি) ২৯তম বার্ষিক সম্মেলন ও আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। রোগীরা হাসপাতালের অতিথি। তারা যেন হাসপাতালে কষ্ট না পায়, সেবা না পেয়ে হতাশ হয়ে না পড়ে—সে বিষয়ে চিকিৎসকদের বিশেষ নজর দিতে হবে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে এপিবির বার্ষিক সম্মেলন ও আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন মো. আবদুল হামিদ। এপিবির তিন দিনব্যাপী এই সম্মেলন আয়োজনে প্রথম আলো সহায়তা করেছে। চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখার প্রায় ৫০০ বিশেষজ্ঞ চিকিৎসক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। ১৫ জন বিদেশি বিশেষজ্ঞও এতে যোগ দিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এতে সভাপতিত্ব করেন এপিবির সভাপতি অধ্যাপক আজিজুল কাহ্হার।
গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাক্-বৈজ্ঞানিক অধিবেশনের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়। আজ শনিবার বিভিন্ন বিষয়ে পৃথক ১৩টি অধিবেশন হয়েছে। আগামীকাল রোববার এই সম্মেলন শেষ হবে। আগামীকাল পৃথক ছয়টি অধিবেশন হওয়ার কথা রয়েছে। একটি অধিবেশনে চিকিৎসক-রোগীর সম্পর্ক নিয়ে আলোচনা হবে।