চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালসহ চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রাতে দায়িত্ব পালন করা চিকিৎসকেরা নিয়ম বহির্ভূতভাবে দুদিন ছুটি ভোগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ১৫ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জরুরি বিভাগের ওইসব চিকিৎসকদের শুধু পরের একদিন ছুটি কাটানোর নির্দেশ দিয়েছেন।
সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জের আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাগাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের ১৫ এপ্রিল এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে পরিচালিত অনুসন্ধানে ওইসব হাসপাতালের জরুরি বিভাগে রাতে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের নিয়মবহির্ভূতভাবে দুদিন ছুটি ভোগের বিষয়টি জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালগুলোর জরুরি বিভাগে রাতে দায়িত্ব পালনকারী চিকিৎসকেরা নিয়মানুযায়ী পরের দিন ছুটি ভোগ করার কথা। কিন্তু এখানে চিকিৎসকেরা যেদিন রাতে দায়িত্ব পালন করেন, সেদিন সকালেও আর দায়িত্ব পালন করেন না। আবার পরদিনও ছুটি কাটান। বিজ্ঞপ্তিতে এসব চিকিৎসকেরা রাতের জরুরি দায়িত্ব পালনের পরদিনই কেবল ছুটি ভোগের সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগে পাঠানো হয়েছে।
সিভিল সার্জনের চিঠি পাওয়ার কথা স্বীকার করে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এক পালার দায়িত্ব আট ঘণ্টা। কিন্তু রাতে দায়িত্ব পালনকারী চিকিৎসকেরা রাত আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন। এ জন্য তাঁরা আগের দিন সকালে আর কাজ করেন না। আর পরদিনতো ছুটিই থাকে। এ নিয়ম চলছে দীর্ঘদিন ধরেই। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন একটি আদেশ জারি করেছেন, তখন তা তো মানতেই হবে।
নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলাম মোহামঞ্চদ বেলাল বলেন, এখানে নয়জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র তিনজন। ফলে কারোরই অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ নেই। একই মন্তব্য করেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইন্তেখাবুল আলম। এখানে মাত্র চারজন চিকিৎসা কর্মকর্তা রয়েছেন বলে জানান তিনি।
রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) আব্দুল হক সিভিল সার্জন কার্যালয়ের বিজ্ঞপ্তির অনুলিপি পাওয়ার কথা স্বীকার করে জানান, বিজ্ঞপ্তিটি যৌক্তিক এবং এই আদেশ বাস্তবায়ন হওয়া উচিত।