চিকিৎসকদের ধর্মঘট আপাতত শেষ
কর্তব্যরত অবস্থায় খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধর করার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে চিকিৎসকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষ হচ্ছে আজ সোমবার সকাল ছয়টায়।
এরপর নতুন আর কোনো কর্মসূচি দেননি চিকিৎসকেরা। তবে আসামিদের গ্রেপ্তার করা না হলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।
আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার চিকিৎসকেরা পদযাত্রা কর্মসূচি পালন করেন। সকাল ১০টার দিকে নগরের শিববাড়ী মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা কার্যালয়ের সামনের মিলন চত্বরে এসে শেষ হয়। পরে বিএমএ খুলনা জেলার সভাপতি শেখ বাহরুল আলমের সভাপতিত্বে মিলন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বাহরুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হবে, প্রশাসনের এমন প্রতিশ্রুতি পেয়ে আমরা ধর্মঘট উঠিয়ে নিচ্ছি। আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করব। যদি এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী শনিবার থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এদিকে গতকাল খুলনা নগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে খোঁজ নিয়ে জানা গেছে, সব হাসপাতাল ও ক্লিনিকের বহির্বিভাগ বন্ধ ছিল। তবে অন্তর্বিভাগে (ইনডোরে) চিকিৎসা অব্যাহত আছে বলে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ দাবি করেছে।