চট্টগ্রামের ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের ধর্মঘট তুলে নিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
কাছ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাঁরা গত সোমবার রাতে কাজে যোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগসহ বিভিন্ন দাবিতে গত সোমবার বেলা ১১টা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘটের ডাক দেন। এ সময় হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য সেবা কার্যক্রম থেকে তাঁরা বিরত থাকেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস পেয়ে চিকিৎসকেরা সোমবার রাত নয়টায় কাজে যোগ দিয়েছেন। হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে।’
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সমিতির সহসভাপতি সৌরভ সেন বলেছেন, ‘কর্তৃপক্ষ আগামী ৮ অক্টোবরের মধ্যে আমাদের সব কটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। এই সময়ের মধ্যে তারা দাবি যদি পূরণ না করে, তবে আমরা নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।