চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল বুধবার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সলানের সঙ্গে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের এক বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক মনিলাল আইচ লিটু প্রথম আলোকে জানান, ধর্মঘট প্রত্যাহারের পর শিক্ষানবিশ চিকিৎসকেরা রাত আটটায় কাজে যোগ দিয়েছেন। হাসপাতালের চিকিৎসার পরিবেশও স্বাভাবিক হয়ে এসেছে।
সংবাদ সংগ্রহে গিয়ে মিটফোর্ড হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হন একুশে টিভির কয়েকজন সাংবাদিক। এ অভিযোগে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ একটি মামলা করে। এরপর গত সোমবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। তাঁদের ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয়। অনেক রোগী সেবা না পেয়ে হাসপাতাল ত্যাগ করেন।