চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২১ ঘণ্টা পর গতকাল বুধবার দুপুরে খুলে দেওয়া হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করলেও রাতে তাঁরা কাজে যোগ দেন।
গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে মারা যাওয়ার পর তাঁর স্বজনদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন পুরুষ সার্জারি ওয়ার্ডে দায়িত্ব পালনকারী দুই শিক্ষানবিশ চিকিৎসক এবং এক নার্স। এ ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকেরা জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেন। ওই হামলার ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে শিক্ষানবিশ চিকিৎসকেরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি, শিক্ষানবিশ চিকিৎসকদের নিরাপত্তা জোরদার, হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার প্রতিশ্রুতির দাবিতে মঙ্গলবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস হাসপাতালের সম্মেলন কক্ষে তাঁদের (শিক্ষানবিশ চিকিৎসক) সঙ্গে আলোচনায় বসেন। বেলা একটার দিকে জরুরি বিভাগের তালা খোলা হয়। কিন্তু শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল রাতে বৈঠক করে রাত ১০টা থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে শিক্ষানবিশ চিকিৎসকেরা দিনে কাজে যোগ না দেওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ওই হামলার ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক উল্লাহ গতকাল থানায় একটি মামলা করেছেন। হামলায় জড়িত সন্দেহে পলাশ, জাকির ও বিপু নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী গতকাল রাত সোয়া আটটার দিকে প্রথম আলোকে বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে ওই তিনজন গ্রেপ্তার হওয়ায় গতকাল রাত ১০টার থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।