চিকিৎসকদের ধর্মঘট প্রশংসার যোগ্য: বিএমএ
চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা খাতে যে অচলাবস্থা চলছে, তা কাল রোববারের মধ্যে নিরসনের উদ্যোগ নিতে মেয়র আ জ ম নাছির কে অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শনিবার তিনি প্রথম আলোকে এ কথা জানান।
এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এম ইকবাল আর্সলান বলেছেন, চট্টগ্রামে চিকিৎসকদের চলমান ধর্মঘট প্রশংসার দাবি রাখে। তাঁরা ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়েছেন।
চট্টগ্রামে চিকিৎসায় অবহেলার অভিযোগে গত মঙ্গলবার তিন চিকিৎসকের বিরুদ্ধে পৃথক মামলা হয়। মামলার পরদিন বুধবার থেকে চিকিৎসকেরা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি বন্ধের কর্মসূচি পালন করছেন।
চট্টগ্রামে চিকিৎসকদের ওই কর্মসূচি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী নাসিম প্রথম আলোকে বলেন, ‘এভাবে চলতে পারে পারে না। ধর্মঘট চলায় সরকারি হাসপাতালে চাপ বাড়ছে। আমি আজই (শনিবার) মেয়রের সঙ্গে কথা বলছি। আশা করছি কালকের (রোববার) মধ্যে সুরাহা হবে।’
চট্টগ্রামে চিকিৎসকেরা দাবি করছেন, অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ আগে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে প্রমাণ করাতে হবে। তারপর সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবেন। সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তির মামলা করার যে আইনগত অধিকার তা আইন করে রহিত করার দাবিও তুলেছেন চিকিৎসকেরা।
এ দিকে বিএমএর মহাসচিব এম ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে চিকিৎসকেরা শুধু বিকেলে ব্যক্তিগত রোগী দেখা বন্ধ রেখেছেন। সরকারি হাসপাতালে সব চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। রোগীরা সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন। তাঁদের এই আন্দোলন প্রশংসার দাবি রাখে। তাঁরা শুধু ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়েছেন। এটা একটা ইতিবাচক প্রতিবাদ।’
চট্টগ্রামে রোগীদের জিম্মি করে চিকিৎসকদের এই আন্দোলনে বিএমএর সমর্থনের সমালোচনা করেছেন স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার। তিনি বলেন, প্রাইভেট ক্লিনিকগুলোর ওপর সরকারের যে কোনো নিয়ন্ত্রণ নেই এবং বিএমএর সহযোগিতায় এগুলো যে স্বেচ্ছাচারী ভূমিকায় নেমেছে সেটি এবারের আন্দোলনে স্পষ্ট হয়েছে। চিকিৎসাকে পেশা হিসেবে গ্রহণের আগে শপথ নিতে হয়। এমনকি হুমকির মুখেও চিকিৎসকেরা দায়িত্ব পালন থেকে সরে আসবেন না এমন শপথ নিয়েই তাঁরা কাজ করতে শুরু করেন। চিকিৎসকেরা এই শপথ এখন নিচ্ছেন কি না, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেন তিনি।