চিকিৎসকদের ধর্মঘটে অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) বিভাগে চিকিৎসকদের ধর্মঘটের কারণে অস্ত্রোপচার বন্ধ আছে। গতকাল শনিবার অ্যানেসথেসিয়া বিভাগের একজন চিকিৎসকের সঙ্গে হেপাটোলজি (যকৃৎ) বিভাগের চিকিৎসকের কথা-কাটাকাটির জেরে আজ অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট করছেন। 

হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া বলেন, দুই চিকিৎসকের মধ্যে অপ্রীতিকর ঘটনার জেরে আজ কিছুটা দেরিতে অস্ত্রোপচার দেরিতে হলেও পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সার্জারি অনুষদের ডিন কনক কান্তি বড়ুয়া বলেন, ‘ধর্মঘটের কারণে অস্ত্রোপচার ব্যহত হচ্ছে।’
অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক প্রথম আলোকে বলেছেন, গতকাল সকালে হেপাটোলজির একজন চিকিৎসক তাঁর স্ত্রীকে তখনই অস্ত্রোপচার করানোর জন্য পীড়াপীড়ি শুরু করে। অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) বিভাগ তাতে রাজি না হওয়ায় ওই চিকিৎসক তাঁর দলবল নিয়ে এসে অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) বিভাগের চিকিৎসকদের মারপিট করে। এটাই ধর্মঘটের কারণ। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু জরুরি অস্ত্রোপচারগুলো করা হয়েছে। অন্যান্য সব অস্ত্রোপচার বন্ধ আছে। ।
প্রসঙ্গত, সার্জারি অনুষদের ১৩টি বিভাগ অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) বিভাগের ওপর নির্ভরশীল। প্রতিদিন এখানে ১৫০ টির মতো অস্ত্রোপচার হয়ে থাকে।

রোগীদের দুর্ভোগ
বিএসএমএমইউর অপারেশন থিয়েটার (ওটি) কমপ্লেক্সের বাইরে অস্ত্রোপচারের জন্য রোগীরা এখন অপেক্ষা করছেন।
সরেজমিন দেখা যায়, অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা একজনের বয়স ছয় মাস। ওটি কমপ্লেক্সের বাইরে শিশুটিকে অনবরত কাঁদতে দেখা গেছে। সাবিল নামের ওই শিশুটির বাবা জনি ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাচ্চার কিডনিতে সমস্যা। আজ অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সে জন্য ভোর পাঁচটা থেকে তাকে না খাইয়ে রাখা হয়েছে।’
রেখা রানী নামের এক নারীকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁর গলায় অস্ত্রোপচার হওয়ার কথা ছিল।
বরিশাল থেকে আসা এক রোগীর স্বজন আল মামুন হাওলাদার প্রথম আলোকে বলেছেন, সকাল সাড়ে সাতটার সময় রোগীকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যাওয়া হয়। দুই ঘণ্টা পর বলা হয়, আজ অস্ত্রোপচার হবে না। তিনি রোগীকে নিয়ে আবারও ওয়ার্ডে ফেরত যান। ক্ষোভ প্রকাশ করে আল মামুন বলেন, ‘এগুলো দেখার কেউ কী নাই।’ তিনি প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি আছেন।