চিকিৎসকদের নিরাপত্তায় বিএমএর পাঁচ দাবি
চিকিৎসকদের নিরাপত্তা ও সুচিকিৎসার পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি।
বিএমএর দাবিগুলো হলো ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা ও অপ্রতুল উপকরণের কারণে মানহীন চিকিৎসা দেওয়ার পরিবেশ বন্ধ করা; প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও আধুনিক সরঞ্জামাদি না থাকলে চিকিৎসাকেন্দ্রে চিকিৎসকদের না পাঠানো; হাসপাতালে যে বিভাগের অর্গানোগ্রাম নেই ও এর বিপরীতে কোনো বরাদ্দ নেই, সেসব বিভাগ চালু করে চিকিৎসকদের ঝুঁকি বৃদ্ধি না করা; চিকিৎসকদের দায়মুক্তি দেওয়া এবং হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোতে নিরাপত্তারক্ষী অথবা পুলিশের ব্যবস্থা রাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান বিএমএ খুলনা জেলার সভাপতি শেখ বাহারুল আলম। তিনি বলেন, চিকিৎসায় ঝুঁকি সৃষ্টির পেছনে রাষ্ট্র দায়ী, কিন্তু লাঞ্ছিত হন চিকিৎসক। তাই চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি পূরণ করতে হবে। তিনি বলেন, চিকিৎসকদের এ দাবি মেনে না নেওয়া হলে এবং চিকিৎসকেরা লাঞ্ছিত হলে তাঁরা মুমূর্ষু বা ঝুঁকিপূর্ণ রোগীর চিকিৎসাসেবা দেওয়া থেকে বিরত থাকবেন।
সম্প্রতি খুলনার তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসকে মারধর করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান। এ ঘটনার প্রতিবাদে তিন দিন ধর্মঘটও পালন করেন জেলার চিকিৎসকেরা।
সংবাদ সম্মেলনে অন্যান্য চিকিৎসক নেতার মধ্যে বিএমএ সাধারণ সম্পাদক মেহেদী নেওয়াজ উপস্থিত ছিলেন।