চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ফি হালনাগাদ করতে সরকার নতুন আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল বুধবার জাতীয় সংসদে নূরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি পর্যায়ে চিকিত্সাসেবা কার্যক্রম ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী পরিচালিত হচ্ছে। এ আইনের তফশিলে বিশেষজ্ঞ চিকিত্সক বা চিকিত্সকদের মেডিকেল ফি বা কনসালটেশন ফি নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে ‘বেসরকারি চিকিত্সা সেবা আইন-২০১৬’-এর খসড়া শিগগিরই চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
নতুন আইন প্রণয়ন হলে বেসরকারি পর্যায়ে চিকিত্সাসেবার ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ ফি নির্ধারণ করা সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।
জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এক পালার পরিবর্তে দুই পালায় বহির্বিভাগ চালু করা হলে অধিকসংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। এ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি পরীক্ষামূলকভাবে সরকারি হাসপাতালগুলোতে বৈকালিক বহির্বিভাগ চালু করার জন্য প্রাথমিক পর্যায়ে ১০টি হাসপাতাল নির্বাচন করা হয়েছে।