নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনে গতকাল বুধবার দিনভর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শত শত মানুষ।উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র রোকসানা আক্তার, পৌরসভার কাউন্সিলর জায়েদা আক্তার, রুনা আক্তার, বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনারগাঁ শাখার সভানেত্রী জাহানারা আক্তার, পিরোজপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য রুনা আক্তার, কাঁচপুর ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ারা আক্তার, মোগরাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য রহিমা আক্তারসহ উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচিত সদস্যরা। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ভুক্তভোগী রোগী ও তাঁদের স্বজনেরাও বক্তব্য দেন।সভায় বক্তরা বলেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মক্ষেত্রে পাওয়া যায় না। তাঁরা সপ্তাহে দু-এক দিন ঢাকা থেকে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে আবার ঢাকায় চলে যান। স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের মালিকদের সঙ্গে সখ্য করে চিকিৎসকেরা হাসপাতালে রোগীদের চিকিৎসা না করে ক্লিনিকে পাঠিয়ে দেন এবং হাসপাতালের সরকারি ওষুধ বাইরে বিক্রি করে দেন। বক্তরা আরও অভিযোগ করেন, এই হাসপাতালে কর্মরত একাধিক চিকিৎসক ও কর্মচারী ২০-২৫ বছর ধরে এখানে কর্মরত। তাঁদের অধিকাংশেরই বাড়ি সোনারগাঁ ও আশপাশের উপজেলায়। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন প্রথম আলোকে জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছে না বলে প্রতিদিনই অভিযোগ পাচ্ছি। আমি নিজে সরেজমিনে গিয়ে হাসপাতালের নানা অব্যবস্থাপনা দেখেছি। আমি চিকিৎসকদের এ ব্যাপারে মৌখিকভাবে একাধিকবার সতর্ক করেছি, কিন্তু তাঁরা কথা রাখেননি।’জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেন প্রথম আলোকে জানান, ‘অন্য যেকোনো সময়ের তুলনায় হাসপাতালের রোগীরা বেশি সেবা পাচ্ছে। কিছু লোক অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। আমি কোনো দুর্নীতি ও অনিয়মে জড়িত নই।’